EUR/USD-এর ক্রেতারা কি এই পেয়ারের মূল্যের 1.1280-এর রেজিস্ট্যান্স অতিক্রম করাতে পারবেন, নাকি বিক্রেতারা পুনরায় মার্কেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়ে এই কারেন্সি পেয়ারের মূল্যকে 1.11 এরিয়ার দিকে ফিরিয়ে আনবেন? যদিও চলতি সপ্তাহের অর্থনৈতিক ক্যালেন্ডার অনুযায়ী তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না, তবুও আমরা সম্ভবত এর উত্তর পেয়ে যাব। উল্লেখযোগ্য প্রতিবেদনের মধ্যে ZEW এবং PMI সূচক প্রকাশিত হবে, যা ইউরোপীয় অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ব্যবসায়িক কার্যক্রমের সম্ভাবনা সম্পর্কে ধারণা দেবে। চীনের জিডিপি প্রতিবেদনের ফলাফল সামগ্রিক ঝুঁকি গ্রহণের প্রবণতাকে প্রভাবিত করার মাধ্যমে পরোক্ষভাবে EUR/USD-এর ওপর প্রভাব ফেলবে। এছাড়া, কূটনৈতিক আলোচনার নতুন প্রচেষ্টার প্রেক্ষাপটে ইরান সংঘাত কী ঘটে, তার ওপরও নির্ভর করবে মার্কেটে ঝুঁকি গ্রহণ না করার প্রবণতা কতটা প্রবল হবে।

সুতরাং, একদিকে সামষ্টিক প্রতিবেদনের দিক থেকে সপ্তাহটিতে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই বলা চলে। অন্যদিকে, বর্তমানে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলোও EUR/USD পেয়ারের মূল্যের বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে; কারণ ট্রেডাররা সেগুলোকে ইতোমধ্যে প্রকাশিত গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনগুলোর প্রেক্ষাপটে বিচার করছেন।
ZEW
মঙ্গলবার, ২০ অক্টোবর, জার্মানিতে ZEW সূচকসমূহ প্রকাশিত হবে। সেপ্টেম্বরের প্রতিবেদনে মিশ্র চিত্র দেখা গেছে: জার্মানি অর্থনৈতিক প্রত্যাশা সূচক 34.2 থেকে সামান্য বেড়ে 34.7 পয়েন্টে পৌঁছেছে এবং বর্তমান পরিস্থিতির মূল্যায়ন -61.1 থেকে বেড়ে -47.1-এ দাঁড়িয়েছে। অন্যদিকে, ইউরোজোনের অর্থনৈতিক প্রত্যাশা সূচক 31.4 থেকে কমে 25.8-এ নেমে এসেছে, যদিও বর্তমান পরিস্থিতির মূল্যায়ন -21.5 থেকে বেড়ে -13.9 হয়েছে। সহজ কথায় এর অর্থ হলো, সেপ্টেম্বরে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হলেও টেকসই পুনরুদ্ধারের বিষয়ে আস্থা বাড়েনি।
অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী জার্মানির প্রত্যাশা সূচকে পতন ঘটতে পারে; প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী সূচকটি 31-33-এর মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। ইউরোজোনেও একই ধরনের প্রবণতা দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে। সূচকটির ফলাফল দুর্বল হলে তা ইউরোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং ইউরোপীয় ইউনিয়নে অর্থনৈতিক পুনরুদ্ধারের সক্ষমতা নিয়ে সংশয় আরও বাড়িয়ে তুলবে।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে, এটি আরও সতর্ক অবস্থান গ্রহণের পক্ষে একটি গৌণ কিন্তু প্রাসঙ্গিক যুক্তি: জ্বালানির মূল্য বৃদ্ধি একদিকে যেমন মুদ্রাস্ফীতি বাড়ায়, তেমনি প্রবৃদ্ধিকেও বাধাগ্রস্ত করে, যা অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কা সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে সুদের হার আরও বাড়ালে তা ইতোমধ্যেই ভঙ্গুর অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে আরও দুর্বল করে দিতে পারে, অন্যদিকে অপেক্ষা করলে মূল্যস্ফীতির চাপের বিরুদ্ধে লড়াই দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকে। ইসিবি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তৃতাগুলোর উপর ভিত্তি করে বলা যায়, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতিসাধন এড়াতে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক অবস্থানের দিকেই ঝুঁকছে। অতএব, ZEW সূচকের দুর্বল ফলাফল সুদের হার বৃদ্ধিতে বিরতির প্রত্যাশাকে জোরদার করতে পারে এবং ইউরোর উপর চাপ সৃষ্টি করতে পারে।
PMI
শুক্রবার, ২৩ অক্টোবর, ইউরোর জন্য আরও গুরুত্বপূর্ণ অক্টোবর মাসের প্রাথমিক পিএমআই সূচক প্রকাশিত হবে—যা ইউরোজোনের উৎপাদন ও পরিষেবা খাতে ব্যবসায়িক কার্যক্রমের পরিস্থিতি মূল্যায়নে সহায়তা করবে। ZEW থেকে প্রকাশিত জরিপগুলো মূলত বিশেষজ্ঞদের প্রত্যাশার ওপর আলোকপাত করে, কিন্তু পিএমআই সূচকগুলো বিভিন্ন কোম্পানির ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি করা হয় এবং এগুলো মাসিক ভিত্তিতে ব্যবসায়িক কার্যক্রমের পরিবর্তন প্রতিফলিত করে।
গত মাসে জার্মানির কম্পোজিট পিএমআই 51.8 থেকে বেড়ে 53.8-এ পৌঁছেছে এবং পরিষেবা খাতের পিএমআই 49.7 থেকে বেড়ে 52.9-এ উন্নীত হয়েছে (অর্থাৎ, এটি পুনরায় সম্প্রসারণের পর্যায়ে ফিরে এসেছে)। অন্যদিকে, উৎপাদন খাতের সূচকটি সামান্য কমে 54.3 থেকে 53.9-এ নেমে এসেছে। অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, কম্পোজিট পিএমআই কমে 53.0-তে নামতে পারে, আর পরিষেবা খাতের সূচকটি সামান্য বেড়ে 53.1-এ পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। উৎপাদন খাতের পিএমআই-ও সামান্য বেড়ে 53.9 থেকে 54.0-তে পৌঁছাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ, সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে, তবে সেপ্টেম্বর মাসে যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গিয়েছিল, এবার তেমনটি ঘটার সম্ভাবনা কম।
ইউরোজোনে, সেপ্টেম্বর মাসে কম্পোজিট পিএমআই 52.0 থেকে বেড়ে 53.1-এ পৌঁছেছে; এর মধ্যে ম্যানুফ্যাকচারিং সূচক 52.7 থেকে বেড়ে 52.9 হয়েছে এবং পরিষেবা খাতের সূচক 51.6 থেকে বেড়ে 53.0 হয়েছে। অক্টোবরের পূর্বাভাস অনুযায়ী, কম্পোজিট পিএমআই কমে 52.3-এ নেমে আসতে পারে। এছাড়া, ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতভিত্তিক পিএমআই সূচক সামান্য কমে 52.9 থেকে 52.8-এ এবং পরিষেবা খাতভিত্তিক সূচক 53.0 থেকে 52.8-এ নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ ফলাফল প্রকাশিত হলে তা ব্যবসায়িক কর্মকাণ্ডে মন্দার ইঙ্গিত দেবে, যদিও সূচকগুলো 50-পয়েন্টের সম্প্রসারণ সীমার উপরেই থাকবে। ইসিবির জন্য শুধু পিএমআই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ নয়, বরং এই প্রতিবেদনের মূল্য সংক্রান্ত উপাদানগুলোও গুরুত্বপূর্ণ। যদি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে এবং সংস্থাগুলো বিক্রয়মূল্য বাড়াতে থাকে, তাহলে যারা সুদের হার আরও বৃদ্ধি করতে চায় তারা সমর্থন পাবে। কিন্তু ক্রমবর্ধমান ব্যয়ের কারণে যদি নতুন অর্ডার কমে যায়, তবে কেন্দ্রীয় ব্যাংককে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে: হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও মন্থর করার ঝুঁকি নিতে হবে, অথবা মূল্যস্ফীতির চাপ সত্ত্বেও অপেক্ষা করার বেছে নিতে হবে। সংক্ষেপে, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের পাশাপাশি অর্ডার হ্রাস পেলে তা অর্থনৈতিক স্থবিরতার আশংকাকে আরও তীব্র করে তুলবে।
একই দিনে মার্কিন পিএমআই সূচক প্রকাশিত হবে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কম্পোজিট পিএমআই 56.0 থেকে বেড়ে 58.4-এ, পরিষেবা খাতভিত্তিক পিএমআই 56.5 থেকে বেড়ে 58.8-এ এবং উৎপাদন খাতভিত্তিক সূচকটি 55.9-এ পৌঁছেছিল—যার প্রতিটিই অর্থনৈতিক সম্প্রসারণের ইঙ্গিত দেয়। এই মাসে কম্পোজিট পিএমআই কিছুটা কমে 57.6-এ, পরিষেবা খাতভিত্তিক পিএমআই 57.9-এ এবং উৎপাদন খাতভিত্তিক সূচকটি 55.6-এ নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই 'সামান্য' মন্থরতা সত্ত্বেও, তিনটি সূচকই 50-এর বেশ উপরে থাকবে, যা মোটামুটি শক্তিশালী অর্থনৈতিক কার্যক্রমই নির্দেশ করে। যদি মূল্য-সংক্রান্ত উপাদানগুলোও উচ্চ পর্যায়ে থাকে, তবে তা মার্কিন ডলারকে বাড়তি সহায়তা দিতে পারে; কারণ স্থিতিশীল অর্থনীতি এবং অব্যাহত মুদ্রাস্ফীতির চাপের সমন্বয়ে ফেডারেল রিজার্ভ কর্তৃক কঠোর আর্থিক নীতিমালা বজায় রাখার সম্ভাবনা আরও জোরালো হবে।
চীনের জিডিপি + অন্যান্য স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন
সোমবার চীনে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের জিডিপি প্রবৃদ্ধি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। অধিকাংশ বিশ্লেষকের প্রত্যাশা অনুযায়ী, চীনের অর্থনৈতিক গতিশীলতা কিছুটা বাড়বে—যার ফলে বার্ষিক প্রবৃদ্ধির হার 4.3% থেকে বেড়ে 4.4% এবং প্রান্তিকভিত্তিক প্রবৃদ্ধির হার 0.9% থেকে বেড়ে 1.1%-এ পৌঁছাতে পারে। অর্থাৎ, অর্থনৈতিক কার্যক্রমে পরিমিত গতিশীলতা আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
চীনের জিডিপির "ইতিবাচক" (প্রত্যাশার চেয়ে ভালো) ফলাফল বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা কমাতে পারে এবং বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়িয়ে তুলতে পারে। সেক্ষেত্রে, নিরাপদ বিনিয়োগ হিসেবে মার্কিন ডলারের চাহিদা কিছুটা কমতে পারে, যা EUR/USD কারেন্সি পেয়ারকে বাড়তি সহায়তা জোগাবে। অন্যদিকে, ফলাফল যদি হতাশাজনক হয়, তবে তা চীনের অর্থনৈতিক পুনরুদ্ধারের স্থায়িত্ব—এবং সেই সূত্রে বৈশ্বিক চাহিদার ব্যাপারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে সন্দেহের সৃষ্টি হবে। ঝুঁকি গ্রহণ না করার প্রবণতা বেড়ে গেলে তা মার্কিন ডলারের পক্ষে কাজ করবে এবং EUR/USD পেয়ারের ওপর চাপ সৃষ্টি করবে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সামগ্রিক ধারণা পেতে সেখানকার অন্যান্য অর্থনৈতিক সূচকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আবাসন সংক্রান্ত প্রতিবেদন এবং আনএমপ্লয়মেন্ট ক্লেইমস বা বেকারভাতার আবেদনের পরিসংখ্যানের দিকে নজর থাকবে। উচ্চ মূল্যস্ফীতি বজায় থাকার এবং নন-ফার্ম পেরোল পরিসংখ্যানের দুর্বল ফলাফল প্রকাশের পর, যুক্তরাষ্ট্রের অর্থনীতি উচ্চ সুদের হারের মুখে কতটা টিকে থাকতে পারে এবং ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি আরও কঠোর হওয়ার সুযোগ আছে কি না—তা ট্রেডারদের মূল্যায়ন করে দেখতে হবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আবাসন খাতভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হবে। পূর্বাভাস অনুযায়ী, নতুন বাড়ি নির্মাণের সংখ্যা (হাউজিং স্টার্টস) বার্ষিক 1.275 মিলিয়ন থেকে বেড়ে 1.30 মিলিয়নে পৌঁছাতে পারে; অন্যদিকে, নির্মাণ অনুমোদনের (বিল্ডিং পারমিট) সংখ্যা 1.403 মিলিয়ন থেকে সামান্য কমে 1.385 মিলিয়নে নেমে আসতে পারে। আগের মাসে 0.3% বৃদ্ধির পর, বিদ্যমান বাড়ি বিক্রির হার এবার মাসিক ভিত্তিতে 0.5% বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। সামগ্রিকভাবে এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে একটি শক্তিশালী পুনরুদ্ধারের চেয়ে বরং স্থিতিশীলতার ইঙ্গিতই বেশি দিচ্ছে—অর্থাৎ এই খাতের কর্মকাণ্ড ধীরে ধীরে গতি পাচ্ছে ঠিকই, তবে নির্মাণ অনুমোদনের প্রবণতা দেখে মনে হচ্ছে না যে অদূর ভবিষ্যতে নির্মাণকাজে বড় ধরনের কোনো গতি আসবে।
বৃহস্পতিবার, ট্রেডাররা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক জবলেস ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদনের দিকে মনোযোগ দেবে। প্রারম্ভিকভাবে 199k থেকে 200k পর্যন্ত সামান্য বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে, এবং বিদ্যমান ক্লেইমস 1.710m থেকে 1.712m পর্যন্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। যদি প্রকাশিত প্রতিবেদনের ফলাফল পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তবে সেগুলো কোনো অবনতি নির্দেশ করবে না। জবলেস ক্লেইমস কমে গেলে তা মূলত গণ ছাঁটাইয়ের অনুপস্থিতির ইঙ্গিত দেয় কিন্তু তা কর্মসংস্থান সৃষ্টির প্রমাণ দেয় না, তাই এই ধরনের ফলাফলের মাধ্যমে ননফার্ম পে-রোল রিপোর্টে পরিলক্ষিত দুর্বলতাকে অস্বীকার করা যাবে না। যেকোনো সূচকে বৃদ্ধি মার্কিন ডলারের ক্রেতাদের আরও উদ্বিগ্ন করে তুলবে: এটি কেবল আরও কর্মসংস্থান হারানোর ইঙ্গিত দেবে না বরং নতুন কর্মসংস্থান খুঁজে পেতেও অসুবিধা হচ্ছে সেই বিষয়টির ইঙ্গিত হবে।
টেকনিক্যাল প্রেক্ষাপট
টেকনিক্যাল দৃষ্টিকোণ অনুযায়ী, EUR/USD-এর ক্ষেত্রে স্বল্পমেয়াদে কারেকশন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যদিও নিম্নমুখী প্রবণতার সমাপ্তির বিষয়টি এখনও নিশ্চিত নয়। H4 টাইমফ্রেমে, এই পেয়ারের মূল্যটি মিডল বলিংগার ব্যান্ড এবং টেনকান-সেন ও কিজুন-সেনের উপরে অবস্থান করছে, তবে এই পেয়ারের মূল্য এখনও কুমো ক্লাউডের ভেতরেই রয়েছে। 1.1280 লেভেলে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল বিদ্যমান রয়েছে; এই লেভেলে H4 টাইমফ্রেমে আপার বলিঙ্গার ব্যান্ড এবং কুমো ক্লাউডের আপার বাউন্ডারি একে অপরের সাথে মিলে গেছে (অন্যদিকে, D1 টাইমফ্রেমে এই লেভেলটি মিডল বলিঙ্গার ব্যান্ডের সাথে সঙ্গতিপূর্ণ)।
দৈনিক চার্টে এখনও বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে: বলিঙ্গার ব্যান্ডগুলো নিচের দিকে ঝুঁকে আছে, এই পেয়ারের মূল্য মিডল ও লোয়ার বলিঙ্গার ব্যান্ডের মাঝে অবস্থান করছে এবং তা কিজুন-সেন ও কুমো ক্লাউডের নিচে রয়েছে। তবে, এই পেয়ারের মূল্য টেনকান-সেনের উপরে অবস্থান করায় তা ক্রেতাদের চাপের শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়, যদিও সামগ্রিকভাবে এটি এখনও একটি কারেকশন হিসেবে বিবেচিত হচ্ছে।
যদি ক্রেতারা এই পেয়ারের মূল্যের 1.1280 লেভেলটি অতিক্রম করিয়ে তার উপরে অবস্থান নিশ্চিত করতে পারেন, তবে তা 1.1370 (দৈনিক কিজুন-সেন) লেভেলে থাকা পরবর্তী গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সের দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত করে দেবে। কিন্তু যদি ক্রেতারা এই পেয়ারের মূল্যকে 1.1270-1.1280 এরিয়ায় নিয়ে আসতে ব্যর্থ হন এবং মূল্য 1.1200-এর কাছাকাছি থাকা H4-এর মিডল বলিঙ্গার ব্যান্ডের লক্ষ্যমাত্রার নিচে নেমে আসে, তবে তা ঊর্ধ্বমুখী মোমেন্টামের দুর্বলতার ইঙ্গিত দেবে। সেক্ষেত্রে, এই কারেন্সি পেয়ারের মূল্য 1.11 এরিয়ায় ফিরে আসতে পারে, যেখানে 1.1140 (H4 লোয়ার বলিঙ্গার ব্যান্ড) পর্যন্ত এবং পরবর্তীতে সাম্প্রতিক বার্ষিক সর্বনিম্ন লেভেল 1.1114-এর কাছাকাছি পর্যন্ত আরও দরপতনের সম্ভাবনা বজায় থাকবে।
