জানা গেছে, মুদ্রাবাজারের বিনিময় হার বাজারভিত্তিক করার পর দর নিয়ন্ত্রণে রাখতে গত বছরের ১৩ জুলাই ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়ে যাওয়ায় বাজার স্থিতিশীল রাখতে অর্থাৎ ডলারের দর যাতে কমে না যায় সেজন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনা হচ্ছে।
![]()
এ তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘বাজার স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনছে। ১২২ টাকা ৩০ পয়সা দরে বৃহস্পতিবার ১৬টি ব্যাংকের কাছ থেকে কেনা হয়েছে ১৯ কোটি ৬৫ লাখ ডলার।’ আগের মতোই বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এ ডলার কেনা হয়েছে বলেও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হওয়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে। এ সুযোগে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে বাজার থেকে ডলার কিনছে।